ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১ কোটি ৩০ লাখ লিটার পাম অয়েল কিনছে সরকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


 ১ কোটি ৩০ লাখ লিটার পাম অয়েল কিনছে সরকার

টিসিবি'র ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে বিক্রির জন্য ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অয়েল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ টাকা। বীমা ও অন্যান্য খরচসহ প্রতি লিটারের দাম পড়বে ১৬৫ টাকা ৩০ পয়সা।

নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই তেল কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

 

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। এটিই হবে বর্তমান সরকারের প্রথম আনুষ্ঠানিক সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা পরিষদ কমিটির প্রথম সভা। 

অবশ্য এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জুম মিটিংয়ে ২ কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের অধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পাম ওয়েল আমদানির প্রস্তাব দিয়েছে।

টিসিবির মাধ্যমে দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ সারা দেশে প্রায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে এই তেল কেনা হবে।

 

টিসিবির বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫ কোটি ৭৫ লাখ লিটার তেল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। আরও ৮ কোটি ২ লাখ ২৫ হাজার লিটারের জন্য নোটিস অব অ্যাওয়ার্ড (এনওএ) জারি করা হয়েছে।

 
নতুন করে আন্তর্জাতিক উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে আরও ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার প্রস্তাব করা হয়েছে।

 

আন্তর্জাতিক পুনঃদরপত্রের মাধ্যমে এ তেল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Powerhouse General Trading LLC-কে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়া থেকে ২ লিটারের পেট বোতলে তেল সরবরাহ করবে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর পর্যন্ত প্রতি লিটার তেলের দর প্রস্তাব করা হয়েছে ১.১৩৭ ডলার।

এই দরে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ৩৮৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি ২৯ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩৫ টাকা হিসেবে)।

 

সরকারি প্রাক্কলন অনুযায়ী প্রতি লিটার পাম অলিনের মূল্য ধরা হয়েছিল ১.১৪৪ ডলার। নির্বাচিত প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর সেই প্রাক্কলনের চেয়ে প্রতি লিটারে ০.০০৭ ডলার কম।

প্রস্তাবিত দর অনুযায়ী শুল্ক, ভ্যাট, বীমা, পরিবহনসহ সব খরচ মিলিয়ে টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার তেলের ব্যয় পড়বে প্রায় ১৬৫ টাকা ৩০ পয়সা। টিসিবির বাজার তথ্য অনুযায়ী বর্তমানে স্থানীয় বাজারে বোতলজাত পরিশোধিত পাম অলিনের গড় খুচরা মূল্য প্রায় ১৮০ টাকা প্রতি লিটার। অর্থাৎ প্রস্তাবিত ক্রয়মূল্য বাজারদরের তুলনায় প্রতি লিটারে প্রায় ১৪.৭০ টাকা কম।


   আরও সংবাদ