ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


 চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ধোঁয়াশা কাটছে না। আর মাত্র কয়েক দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও পাকিস্তান আদৌ মাঠে নামবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি সামনে রেখে অনিশ্চয়তা দূর করতে গতকাল সরাসরি লাহোরে বৈঠকে বসেছে আইসিসি।

এদিন পাকিস্তানে যায় আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

দলে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং সহযোগী সদস্যদের প্রতিনিধি মুবাশির উসমানি। গাদ্দাফি স্টেডিয়ামে তারা বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে। আলোচনার লক্ষ্য ছিল, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পাকিস্তানকে সরে আসতে রাজি করানো।

 

বৈঠক-সংশ্লিষ্ট সূত্রের খবর, আলোচনা ছিল তুলনামূলকভাবে ইতিবাচক।

উভয় পক্ষই একে অপরের অবস্থান শুনতে আগ্রহী ছিল। আইসিসি প্রতিনিধিরা নকভিকে বিষয়টি নতুন করে ভাবতে উৎসাহ দেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথা জানান। সিদ্ধান্ত নিতে নকভি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

 

একটি সূত্র জানিয়েছে, ‘সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবি চেয়ারম্যানের বৈঠক হওয়ার কথা।

এরপরই এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এই সিদ্ধান্ত পিসিবির হাতে নেই, পুরোপুরি সরকারের ওপর নির্ভরশীল।’

 

এর আগে গত ১লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘোষণা দেয়, ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নেবে না তারা। পরে মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন। ফলে সরকারের অনুমতি ছাড়া পিসিবির পক্ষে ম্যাচ খেলার কোনো সুযোগ নেই।

 

রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামও। তার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই মূলত ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান।

বৈঠকে পিসিবি ও বিসিবি উভয় পক্ষই আইসিসির কাছে একাধিক দাবি তুলে ধরেছে বলে জানা গেছে। এর মধ্যে ছিল রাজস্ব বণ্টন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট পুনরায় শুরুর প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়। এসব দাবি আদৌ মানা হবে কি না, তা এখন সময়ই বলে দেবে।

এদিকে বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন, ম্যাচ বর্জনের অবস্থান দীর্ঘমেয়াদে টেকসই নয় এবং এটি ক্রিকেটের জন্যও ভালো কিছু নয়।

সব মিলিয়ে, ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য এখন ঝুলে আছে ইসলামাবাদের সিদ্ধান্তের ওপর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই এই নাটকীয় অনিশ্চয়তার অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

আরইউ


   আরও সংবাদ