ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফোন নিষেধাজ্ঞা বাতিল না করলে ইসি ঘেরাও

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


ফোন নিষেধাজ্ঞা বাতিল না করলে ইসি ঘেরাও

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে বাতিল না হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা মার্কার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের আওতায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধি-বিধান বের করছে, আমরা জানি না।

কার প্ল্যান, কার পরিকল্পনা অনুযায়ী ইলেকশন কমিশন কাজ করছে, সেটাও জনগণের সামনে স্পষ্ট হচ্ছে।

 

তিনি বলেন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রতিনিধিরা আজ ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন করেছেন।

১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণতি হবে।

 

নাহিদ বলেন, নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি ও মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষের কণ্ঠস্বর ও মানুষের তথ্যের অধিকার রোধ করার এই ধরনের আইন মেনে নেওয়া হবে না।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা প্রশাসনের ভাইদের বলছি, পুলিশ ও সেনাবাহিনীর ভাইদের বলছি, আপনাদের ওপর দেশের আমানত রয়েছে।

আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি গুরু দায়িত্ব পালন করবেন। গণঅভ্যুত্থানের হাজারো শহীদ ও মানুষের রক্তের ওপর দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনো দিন ক্ষমা করবে না।

 

গণমাধ্যমে একপাক্ষিক নির্বাচনী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রায় সব বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার হচ্ছে। আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু ভেবে দেখা উচিত, এটি কতটা নৈতিক।

 

তিনি আরও বলেন, বিজ্ঞাপন লাগলে আমরাও দেব। আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে? জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষে সেই টাকা আপনাদের দেবে। কিন্তু আপনারা একটি দলের বিজ্ঞাপন দিচ্ছেন, একটি মার্কার প্রচার করছেন, অন্য জোটের মার্কার প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না।


   আরও সংবাদ