ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সুষ্ঠু নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো এজেন্ডা নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


সুষ্ঠু নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো এজেন্ডা নেই

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো এজেন্ডা নেই।

রোববার (২৯ নভেস্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন।

 

সিইসি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতির বাইরে, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সব অংশীজনের সহযোগিতার কারণে ভালো জাতীয় নির্বাচন করা সম্ভব হয়েছে।

 

ইউনিয়ন পর্যায়ে মানুষের সেবা ব্যাহত হচ্ছে বলে এ ভোট আগে করা হচ্ছে। 

তিনি বলেন, এ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে চাই।

দলীয় প্রতীক থাকবে না। তবে প্রতিদ্বন্দ্বীরা দলের সমর্থন নিয়ে মাঠে থাকবেন।

তাই দলগুলোর সহযোগিতা দরকার। 

 

ফাউল করার জন্য যাতে মাঠে কেউ না থাকে, সেজন্য রেফারির ভূমিকায় থাকবে ইসি। প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর ইসি। ইসির দ্বিতীয় কোন এজেন্ডা নাই। আমরা স্বচ্ছ থাকতে চাই। মাঠের বাস্তবতা সবাই জানেন, সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

সিইসি বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে নির্বাচনকে ফ্রি, ফেয়ার, ইকুইটেবল ও নিউট্রাল-এ ধরনের বিশেষণ দিয়ে উল্লেখ করতে হয়। উন্নত বিশ্বে নির্বাচনের আগে এ ধরনের বিশেষণ ব্যবহারের প্রচলন নেই। নির্বাচন বলতে বোঝায়, ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। এটাই নির্বাচনের প্রকৃত অর্থ।

তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বিশেষণমুক্ত প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে সিইসি বলেন, রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতায় কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক দলও এ নির্বাচনের প্রশংসা করেছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে কমিশনের পক্ষে এমন নির্বাচন আয়োজন সম্ভব হতো না।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, কমিশন প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায়। দেশের কোটি কোটি মানুষ গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন সেবা পেয়ে থাকেন। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যমেও এ বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

সিইসি বলেন, দেশে প্রায় ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এ কারণে একসঙ্গে নির্বাচন না করে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপের নির্বাচন জানুয়ারিতে শুরু হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে না। রাজনৈতিক দলের প্রতীক থাকবে না; প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রার্থীরা মাঠে থাকবেন।

 

 

 

রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতাদের এলাকায় প্রভাব ও প্রতিপত্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনে তাদের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা কঠিন। তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কমিশনের অত্যন্ত প্রয়োজন।

তিনি বলেন, ঐতিহাসিকভাবে দেখা গেছে লোকাল গভর্নমেন্টে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অনেক সহিংসতা হয়। নির্বাচনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এগুলো আমরা ধারণাও করতে পারছি না। যে চ্যালেঞ্জগুলো আসবে আমরা আপনাদের সঙ্গে নিয়ে সে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। আমরা সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা চাই। 

এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ১৫টি দলের প্রতিনিধিরা এতে অংশ নেন।

কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনের এ সংলাপে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


   আরও সংবাদ