ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিত্যপণ্য আমদানিতে পাকিস্তানের সঙ্গে ৫ বছরের চুক্তি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১৪:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


নিত্যপণ্য আমদানিতে পাকিস্তানের সঙ্গে ৫ বছরের চুক্তি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়াতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি বাণিজ্য সহযোগিতা চুক্তি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ চুক্তির আওতায় চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, আলু, ছোলা, চা, আনারসসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।

 

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লক্ষ্যে বাংলাদেশের টিসিবি ও পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিন তেল।

এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারও রয়েছে।

 

তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে তাৎক্ষণিকভাবে কোনো পণ্য আমদানি বা রপ্তানির চূড়ান্ত চুক্তি হচ্ছে না। নির্দিষ্ট পণ্য কেনাবেচার জন্য সংশ্লিষ্ট পক্ষকে পণ্যের মান, পরিমাণ, বিবরণ ও সরবরাহের সম্ভাব্য সময় উল্লেখ করে লিখিত প্রস্তাব দিতে হবে। এরপর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পৃথক চুক্তি করে আমদানি-রপ্তানির শর্ত চূড়ান্ত করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। এতে দুই দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, পণ্যের মান, পরিমাণ, সরবরাহের সময়সূচি ও আর্থিক বিষয় নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরাসরি আলোচনা করে লেনদেনের শর্ত চূড়ান্ত করতে পারবে। এ উদ্যোগ কার্যকর করতে টিসিবি ও টিসিপির মধ্যে নিয়মিত যোগাযোগ এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি ও সরবরাহব্যবস্থা আরও সুসংগঠিত হবে।

পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে ইমরান হায়দার আরও বলেন, বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে। বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটাও বহাল রেখেছে দেশটি। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এ সমঝোতা স্মারক শুধু আনুষ্ঠানিক দলিল বা পারস্পরিক সদিচ্ছার প্রকাশ হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এর মূল লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপান্তর করাই হবে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, সুনির্দিষ্ট পণ্য চিহ্নিত করা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিত করা এবং দুই দেশের চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহের বিষয়ে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে যেকোনো পক্ষ কূটনৈতিক চ্যানেলে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের সরবরাহ সংকট বা প্রচলিত আমদানি উৎসে অনিশ্চয়তা দেখা দিলে পাকিস্তান বাংলাদেশের জন্য বিকল্প উৎস হতে পারে। বিশেষ করে সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্যের কাঠামো থাকায় প্রয়োজনের সময় পণ্য সংগ্রহের সুযোগ বাড়বে।

তবে এই সমঝোতা স্মারকের ফলে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কতটা কমবে বা সরবরাহ কতটা বাড়বে, তা নির্ভর করবে পণ্যভিত্তিক চুক্তি, আমদানি ব্যয়, প্রতিযোগিতামূলক মূল্য এবং সময়মতো পণ্য সরবরাহের ওপর। অর্থাৎ, বিকল্প উৎস তৈরির প্রাতিষ্ঠানিক উদ্যোগ হলেও এর সুফল পেতে বাস্তব আমদানি কার্যক্রম নিশ্চিত করতে হবে।


   আরও সংবাদ