ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, এখনো শেষ হয়নি বিচার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার


তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, এখনো শেষ হয়নি বিচার

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হয়েছে। ২০১২ সালের ২৪ নভেম্বরের ওই ঘটনায় শতাধিক পোশাকশ্রমিক নিহত হন।

আহত হন দুই শতাধিক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচারপ্রক্রিয়া।

ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের স্বজনদের অনেকেই অপেক্ষায় রয়েছেন ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের।

 

১৪ বছর পূর্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) কারখানার সামনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরা।

এসব কর্মসূচি থেকে আহত শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাটির বিচার এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আটকে আছে।

১০৪ জন তালিকাভুক্ত সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৯ জন। রাষ্ট্রপক্ষ সাক্ষীদের আদালতে হাজির করতে না পারায় বিচারকাজ এগোচ্ছে ধীরগতিতে। সর্বশেষ গত ৬ মে তিনজন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর নির্ধারিত তারিখগুলোতে সাক্ষী হাজির না হওয়ায় আগামী ৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

 

অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানায় মামলা করা হয়। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

অভিযোগপত্রে কারখানার ভবন ও নকশাগত ত্রুটি, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি নির্গমনপথ না থাকার বিষয় উঠে আসে। আগুন লাগার পর শ্রমিকদের বের হতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

এদিকে আহত অনেক শ্রমিক এখনো শারীরিক অক্ষমতা ও আর্থিক সংকটে ভুগছেন। তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।


   আরও সংবাদ