আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী সরকারের আমলে খুন-গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন টিম সংশ্লিষ্ট জেলাসমূহে গণশুনানি সাপেক্ষে অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের উদ্যোগ গ্রহণ করেছে।
এ উপলক্ষ্যে বুধবার ২৫ নভেম্বর সরকার, পুলিশ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয় ।
চিঠিতে সই করেছেন চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম।
চিঠিতে বলা হয়, বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে খুন-গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ এর প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন টিম সংশ্লিষ্ট জেলাসমূহে গণশুনানি সাপেক্ষে অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের একটি উদ্যোগ গ্রহণ করেছে।
নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ আহত-নিহত ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
যাদের চিঠি দেওয়া হয়েছে, তারা হলেন, স্বরাষ্ট্র ও আইন সচিব, আইজিপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক, স্বরাষ্ট্র মন্ত্রী ও আইনমন্ত্রীর একান্ত সচিব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় প্রেসক্লাব ও জাতীয় মহিলা সংস্থা।