আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে নাটকীয় প্রত্যাবর্তন ঘটেছে সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক ও চীনা গুপ্তচরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যে পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় আবারও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব ফিরে পেয়েছেন তিনি।
তার প্রত্যাবর্তনের খবরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হুয়াংকে প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পুনর্বহাল করে।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠার পর গত ১২ নভেম্বর এনভিডিয়ার শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান জেনসেন হুয়াং। এর মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন কর্তৃপক্ষের নজরদারিতে থাকা এক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্কের অভিযোগও রয়েছে।
তবে ওই নারীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো তদন্তাধীন।
সোমবার এক বিবৃতিতে হুয়াং বলেন, ‘নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি এবং নতুন করে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এই প্রক্রিয়ায় আমার ওপর আস্থা রাখা এবং বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়ার জন্য এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাতে চাই।’
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে একাধিক আলোচনা ও বৈঠকের পর তার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বক্তব্যের বিষয়ে সন্তুষ্ট হয়েই তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামতও নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বোর্ড মনে করছে, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে আবারও সিইও পদে ফিরিয়ে এনে ‘সঠিক ও যথাযথ’ সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্প আরও বলেন, হুয়াংয়ের এনভিডিয়ায় ফিরে আসায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে বলে বিশ্বাস করার কারণ নেই।
অন্যদিকে হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সোমবার লেনদেনের শুরুতে এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়। রয়টার্সের হিসাবে, একপর্যায়ে শেয়ারদর ৩১ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়।
বাজার বিশ্লেষকেরাও হুয়াংয়ের প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। ফাউন্ডার্স ১০০ ইটিএফের পোর্টফোলিও ব্যবস্থাপক মাইকেল মোনাগান আলজাজিরাকে বলেন, এটি অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। তার মতে, জেনসেন হুয়াংয়ের মতো প্রতিষ্ঠাতার দূরদর্শিতা, সিদ্ধান্ত বাস্তবায়নের দক্ষতা ও নেতৃত্বের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং এনভিডিয়ার উদ্ভাবনী সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।
ইয়র্কভিল আইভসের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভসও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। সোমবার দেওয়া এক বিশ্লেষণী নোটে তিনি বলেন, বিতর্ক থাকা সত্ত্বেও হুয়াংকে ফিরিয়ে আনা ছাড়া পরিচালনা পর্ষদের সামনে কার্যত অন্য কোনো পথ ছিল না। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য এ সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।
এর আগে ড্যান আইভস সতর্ক করেছিলেন, জেনসেন হুয়াং এনভিডিয়ার নেতৃত্বে না থাকলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
উল্লেখ্য, ভিডিও গেমের চিপ নির্মাতা হিসেবে যাত্রা শুরু করা এনভিডিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য উন্নত চিপের বিশ্বের শীর্ষ সরবরাহকারীতে পরিণত করেছেন জেনসেন হুয়াং। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়।
তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স