ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার
নোয়াখালীর প্রশিক্ষণদ্বীপ স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপটারযোগে স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আয়োজিত তিন বাহিনীর এই ত্রিমাত্রিক মহড়া সরাসরি প্রত্যক্ষ করবেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি ও আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বিশেষ এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর এলিট প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষ দল 'সোয়াডস' এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। তিন বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে এ ধরনের সর্বাত্মক ও বিশেষায়িত মহড়া দেশে এটাই প্রথম।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্রের প্রদর্শনী ঘুরে দেখবেন। পাশাপাশি তিনি অনুশীলনস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা, কমান্ডো ও জওয়ানদের নৈপুণ্য ও যুদ্ধপ্রস্তুতি পর্যবেক্ষণ করবেন এবং তাঁদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
উল্লেখ্য, নোয়াখালী উপকূলের দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ পূর্বে স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত ছিল। ২০১৩ সালে দ্বীপটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ন্যস্ত করার পর থেকে সেখানে নিবিড় সামরিক প্রশিক্ষণ ও পরিবেশগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীসহ অন্য বাহিনীর বিভিন্ন সমর মহড়া অনুষ্ঠিত হলেও তিন বাহিনীর এলিট স্পেশাল ফোর্সগুলোকে একসাথে নিয়ে এত বড় পরিসরের সমন্বিত অনুশীলন এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।
মহড়াস্থলে দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন ও সেনাসদস্যদের সাথে মতবিনিময় শেষে মঙ্গলবার বিকেলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।