ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার দাবি, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই একই কায়দায় এসব হামলা চালানো হচ্ছে।
হামলার পেছনে ওপরের মহলের নির্দেশনা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি জানান, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে।
হামলার ধরন ও ধারাবাহিকতা দেখে তার ধারণা, প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন ইউনূস।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারী ঋণগ্রহীতাই ব্যাংকটির মূল মালিক।
বিবৃতিতে নিজের সঙ্গে গ্রামীণ ব্যাংকের বর্তমান মালিকানা ও পরিচালনার কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, অতীতেও ছিলেন না।
ইউনূস আরও বলেন, কয়েকটি হামলার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনার কারণে লাখ লাখ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন সাবেক প্রধান উপদেষ্টা। তার অভিযোগ, একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক তাদের ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ আবেদন করা হয়েছে।
হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে প্রতিটি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধান উপদেষ্টা।