ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি।
শুক্রবার বিকেলে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার।
বিশেষ অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘ফ্যাসিস্ট, খুনি হাসিনার দল—যারা জনগণের ভয়ে পালিয়ে গেছে, তারা এখন বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অন্যায় কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে তারা জনগণের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করছে।
তাদের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরাও নিজেরাই একটি ইউনিয়নের তিনটি করে ঘর জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভক্তি নয়, বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করতে হবে। আমরা এই স্বৈরাচারকে আর বাংলাদেশে দেখতে চাই না।’
সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এর আগে দুপুর আড়াইটার পর থেকে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।