ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।
’
তিনি আরও বলেন, ‘মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যরা ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।
সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। ফলে এই দিনটিকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
’
পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ’৭১-এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।’
দেশের সার্বভৌমত্ব ও বিশ্বশান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়িয়েছে। দেশের সব প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।’
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আরও আধুনিকায়ন অব্যাহত থাকে। উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারও বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।’
তিনি সতর্ক করে বলেন, ‘সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাফল্যের যাত্রা অব্যাহত রয়েছে।’
জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ ও বিশ্বমঞ্চে বাহিনীর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের।’
বার্তায় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণদানকারী সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরিশেষে ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।