ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার
বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে সাধারণভাবে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।
শিক্ষার্থীর বয়স: জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত।
শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
শিক্ষাবর্ষ: শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ
শিক্ষাবর্ষ শুরুর পূর্বে কমিটি যুক্তিসংগত সময়ের মধ্যে পরিচালনা কমিটির সভা আহ্বান করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে। তবে একই ক্যাচমেন্ট এলাকার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সুবিধার্থে ভর্তি পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে পরামর্শক্রমে নির্ধারণ করবেন।
ভর্তির কার্যক্রম পরিচালনা: ভর্তি কমিটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব ব্যবস্থাপনায় ভর্তির কার্যক্রম পরিচালনা করবে। ভর্তির কার্যক্রম সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে। ভর্তির কার্যক্রম পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষ এক বা একাধিক উপকমিটি গঠন করতে পারবে।
ঢাকা মহানগরীর স্কুলসমূহে ভর্তি
ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলসমূহে ভর্তির ক্ষেত্রে স্কুল সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০% কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট আসনসমূহ সবার জন্য উন্মুক্ত থাকবে। একই শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়ার ৪০% কোটা প্রযোজ্য হবে না। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট এরিয়ায় অবস্থিত হলে শিক্ষার্থীরা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।
ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সহায়তায় প্রত্যেক স্কুলের ক্যাচমেন্ট এরিয়া (স্কুল সেবা অঞ্চল) নির্ধারণ করবেন। ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ নিয়ে একাধিক স্কুলের মধ্যে মতপার্থক্য বা জটিলতা দেখা দিলে থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি সমাধান করবেন।