ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
তাদের বয়স আনুমানিক পুরুষ ৩৫, নারী ৩০ এবং শিশু ছেলে ৮ বছর।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, মোটরসাইকেলযোগে ওই তিনজন কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।
একপর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে শফিপুর ফ্লাইওভারের ওপর পৌঁছায়। এ সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ওই তিনজন মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আঘাত পায়।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী এবং তাদের ছেলে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, আশেপাশের কোনো সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।