ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬ ০৯:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের রেনবো ক্রসিং এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায় এবং একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় সিএনজিচালক সামান্য আহত হয়েছেন। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মূল কারণ ছিল ট্রাকটির বেপরোয়া চলাচল ও নিয়ন্ত্রণ হারানো।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, রেনবো ক্রসিং এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে গিয়ে দুটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় যানবাহনগুলো একে অপরকে ধাক্কা দেয়। একপর্যায়ে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। এ ছাড়া একটি প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচটি যানবাহনের মধ্যে রয়েছে একটি ট্রাক, একটি নোহা, একটি এক্সিও/করোলা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা।
এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতিরঝিল থানা পুলিশ গাড়িটি জব্দ করে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।