ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বিস্ফোরণের পর কারখানার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর এএফপির।

 

তুরস্কের বন্দরনগরী ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত ‘হাবাস’ ইস্পাত কারখানায় স্থানীয় সময় দুপুরে এ বিস্ফোরণ ঘটে।

এ সময় অন্তত আটজন শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েন।

 

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, কারখানার একটি উঁচু স্থাপনার ভেতর থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।

 

গভর্নর সুলেমান এলবানের ভাষ্য অনুযায়ী, তরল ইস্পাত ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি বড় শিল্প চুল্লির ওপর ওভারহেড ক্রেন ভেঙে পড়ায় এ বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, ‘হাবাস লোহা ও ইস্পাত কারখানায় বয়লার পরিবর্তনের কাজ চলার সময় ওভারহেড ক্রেনটি ভেঙে চুল্লির ওপর পড়ে। এর ফলে ইস্পাত কারখানার ভেতরে বিস্ফোরণ ঘটে।’

তিনি আরও বলেন, বিস্ফোরণে ১০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ধসে পড়া বিভিন্ন উপকরণের নিচে আরও আটজন আটকা পড়েছেন। আহত ১৫ শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার বলেন, তাঁর কাছে ঘটনাটি ভূমিকম্পের মতো মনে হয়েছিল।

আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, ‘রাস্তার পাশের কারখানাটির দিকে তাকিয়ে দেখি, সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। চিমনি থাকার জায়গাটিতেই আগুন জ্বলতে দেখি।’

কারখানার ট্রাকচালক তুরান ইলবাও আনাদোলু এজেন্সিকে বলেন, ‘মনে হচ্ছিল যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে।’

ইজমিরের মেয়র সেমিল তুগায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া প্ল্যাটফর্ম সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই কারখানার শ্রমিক। ধ্বংসস্তূপ সরানোর পর হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে, তুরস্কের অন্যতম বৃহৎ বেসরকারি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হাবাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলে আসছে শ্রমিক সংগঠনগুলো।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হাবাস কর্তৃপক্ষ।

এভ্রেনসেল দৈনিকের তথ্যমতে, সোমবারের বিস্ফোরণের আগে গত এক দশকে কারখানাটিতে কাজ করার সময় অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মার্ক্সবাদী দল ওয়ার্কার্স পার্টি অব টার্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত তিন সপ্তাহে হাবাস কারখানায় শ্রমিক নিহত হওয়ার এটি তৃতীয় ঘটনা। এর আগে গত ২১ অক্টোবর সিঁড়ি থেকে প্রায় আট মিটার নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। অন্য একটি ঘটনায় নির্মাণযন্ত্রের চাকায় বাতাস দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে আরেক শ্রমিক নিহত হন।

এদিকে, আহতদের চিকিৎসার জন্য যে হাসপাতালটিতে নেওয়া হয়েছে, তার বাইরে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করার সময় বামপন্থি সংগঠন ‘ইজিয়ান ওয়ার্কার্স কালেক্টিভ’-এর দুই প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছেন।

সংগঠনটির অভিযোগ, কারখানায় দীর্ঘদিন ধরে বিরাজমান প্রতিকূল কর্মপরিবেশই শ্রমিকদের প্রাণহানির অন্যতম কারণ। গত ১০ বছরে নিহত ১১ শ্রমিকের মধ্যে পাঁচজন চুক্তিভিত্তিক কর্মী এবং দুজন প্রশিক্ষণার্থী ছিলেন।

সংগঠনটি আরও অভিযোগ করেছে, বছরের পর বছর শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটলেও হাবাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কঠোর কোনো শাস্তিমূলক বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।


   আরও সংবাদ