স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ ১৬:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এই দায়িত্বে লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে পরামর্শ দেবেন বুলবুল।
বিশেষ করে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে কাজ করবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। এর মাধ্যমে নিজেদের কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি খেলোয়াড় উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চায় তারা।
বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্বও তার।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসনে যুক্ত হন বুলবুল। ২০২৫ সালের ৩০ মে থেকে ২০২৬ সালের ৭ এপ্রিল পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।