ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের জন্য আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি সরকার।
ফলে আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
চুক্তি সম্পাদনের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর ঘোষণা দেন।
এর ফলে ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর আগে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল।
ধর্মমন্ত্রী আরও জানান, হজযাত্রীর কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়া হবে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। একই সঙ্গে হজযাত্রীর কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহবিষয়ক সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।