ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একই ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে চালু করা হচ্ছে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস)।
আগামী বছরের জুলাইয়ে নতুন এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি চালু হলে যেকোনো ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের কাছে তাৎক্ষণিক অর্থ পাঠানো যাবে।
নতুন ব্যবস্থায় গ্রাহকদের আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। বরং অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠানের হিসাব বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সরাসরি লেনদেন করা যাবে।
এতে অর্থ স্থানান্তর সহজ হওয়ার পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমবে এবং আর্থিক সেবার আওতা বাড়বে।
গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
এ জন্য ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন নিশ্চিত করার জন্য এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই আইআইপিএসের মূল উদ্দেশ্য। এটি চালু হলে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমবে।
তিনি বলেন, নতুন ব্যবস্থায় গ্রাহকরা আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।
আইআইপিএসের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।
বর্তমান ব্যবস্থার সীমাবদ্ধতা
বাংলাদেশের বিদ্যমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করেই নতুন প্ল্যাটফর্মটি গড়ে তোলা হবে। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে।
তবে এ ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।
এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনা ছিল।
তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এ ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন। নতুন আইআইপিএসের মাধ্যমে এ সীমাবদ্ধতা কাটিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক সংযোগ স্থাপন সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
রেমিট্যান্স আসবে আরও দ্রুত
নতুন এ প্ল্যাটফর্ম শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেনেই নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হবে।
এ লক্ষ্য সামনে রেখে গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে।
এ গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় অর্থের প্রবাহ বাড়াতে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
গবেষকদের মতে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। তবে আন্তর্জাতিক লেনদেন চালু করতে বিদেশি অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং অনুমোদিত আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।
সরকার ও ব্যবসায়ীদেরও ব্যয় কমবে
আইআইপিএস চালু হলে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও সুবিধা তৈরি হবে। সিরাজুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে।
অন্যদিকে ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারও বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।
সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, অভিন্ন এ প্ল্যাটফর্ম চালু হলে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়বে এবং আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক লেনদেন ব্যবস্থা গড়ে উঠবে।
তবে উদ্যোগটির সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর। কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আইআইপিএস দেশের লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এতে অর্থ স্থানান্তর সহজ ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে এবং আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসবেন।