ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যানজটে নাকাল ফেনী

আমির হোসেন মামুন


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


যানজটে নাকাল ফেনী

একসময়ের শান্ত শহর ফেনী এখন যানজটের শহর। যত্রতত্র গাড়ি পার্কিং, সড়ক দখল করে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড এবং ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের দৌরাত্ম্যে প্রতিদিনই বাড়ছে যানজট।

শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, কোথাও মিলছে না স্বস্তি।

 

এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা।

যানজটের কারণে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই।

 

ফেনী শহরের অন্যতম ব্যস্ত সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক। সড়কটির দুই পাশে রয়েছে বিপণিবিতান, অভিজাত শোরুম, হাসপাতাল, আবাসিক হোটেল, ব্যাংক-বিমা ও সুপারশপসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

কিন্তু এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর পর্যাপ্ত নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই। ফলে ক্রেতা, রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন রাখতে হচ্ছে মূল সড়কের ওপর। এতে সড়কের বড় একটি অংশ সংকুচিত হয়ে যানজট তৈরি হচ্ছে।

 

একই চিত্র ট্রাংক রোড, মিজান রোড, জেল রোড ও কলেজ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও। দিনের বেলায় নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশ করছে দূরপাল্লার বাস ও বালুবাহী যানবাহন। কোথাও সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কোথাও যাত্রী ওঠানামার কারণে থমকে যাচ্ছে যান চলাচল।

শুধু পার্কিং সংকট নয়, যানজটের অন্যতম কারণ সড়কের ওপর গড়ে ওঠা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত জায়গার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এসব যানবাহন। যাত্রী ওঠানামার সময় সড়কের একাংশ কার্যত দখল হয়ে যায়।

স্থানীয়দের দাবি, শহরের বিভিন্ন সড়কে ১০টির বেশি স্থানে এ ধরনের স্ট্যান্ড রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশার চলাচল।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের অবাধ চলাচলও যানজটের চাপ বাড়াচ্ছে। প্রধান সড়কে এসব যান চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং হঠাৎ থেমে যাওয়ার কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী মানুষ ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ফেনী শহরে নয় হাজারের বেশি টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। 

অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন রয়েছে প্রায় পাঁচ হাজারের। বাস্তবে ২৫ হাজারের বেশি চলাচল করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিপুলসংখ্যক যানবাহনের বিপরীতে সড়ক ও পার্কিং সুবিধা পর্যাপ্ত না থাকায় যানজট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ফেনী ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) সাহাদাত হোসেন বলেন, যানজট নিরসনে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। পাশাপাশি সড়কে যত্রতত্র গাড়ি দাঁড় করানো এবং অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন বলেন, শহরের যানজট নিরসনে ভবন নির্মাণের অনুমোদনের ক্ষেত্রে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বড় বড় প্রতিষ্ঠানকে নিজস্ব পার্কিংয়ের আওতায় আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু অভিযান চালিয়ে যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে পার্কিং বন্ধ এবং দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচলের সময়সীমা নির্ধারণ করতে হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক জিয়া উদ্দিন বলেন, ফেনী শহরে যানজটের অন্যতম কারণ অবৈধ স্ট্যান্ড, অপরিকল্পিত পার্কিং ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল। শুধু মাঝেমধ্যে অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান হবে না। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত তদারকি প্রয়োজন। একইসঙ্গে পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাতও দখলমুক্ত করতে হবে।

শহরের বাসিন্দা ফয়সাল আহমেদ বলেন, প্রতিদিন শহরের বিভিন্ন সড়কে যানজটের কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সামান্য দূরত্ব অতিক্রম করতেও অনেক সময় লাগে। বিশেষ করে হাসপাতাল ও ব্যস্ত বাণিজ্যিক এলাকায় যানজটের কারণে রোগীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের উচিত সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া।

ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, যানজটের কারণে ক্রেতাদের দোকানে আসতে সমস্যা হচ্ছে। অনেক প্রতিষ্ঠান নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা না করায় গাড়ি সড়কের ওপর রাখা হয়। আবার সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকায় চলাচলের জায়গা কমে যায়। ব্যবসার স্বার্থেও শহরে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা জরুরি।

একসময়ের শান্ত ও সুন্দর ফেনীকে যানজটমুক্ত করতে পৌরসভা, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ চান স্থানীয়রা। তাদের মতে, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা না গেলে দিন দিন আরও অসহনীয় হয়ে উঠবে শহরের যানজট।


   আরও সংবাদ