ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
নতুন আইনি কাঠামোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ইউনিটটির অভিযানিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
এসময় মহাপরিচালক নতুন আইনের আলোকে এসআরবির সব অভিযানিক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে এসআরবি ফোর্সের শুভ যাত্রা ঘোষণা করেন।
আহসান হাবীব জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।
তিনি এসআরবির প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান।
এর মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন এসআরবি মহাপরিচালক।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।