ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), নয়নের (২৩) ও সজীব শেখ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নগরকান্দা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বরে বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক চয়ন মারা যান এবং বাকি দুজন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সেখানেও অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। পথে একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত গাড়ির চাপায় তিন তরুণ নিহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।