ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৬ ১৬:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) একটি প্রতিনিধিদল।
বুধবার (১৯ আগস্ট) সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলটি ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেন, প্রতিটি মানুষকে সমমর্যাদা দেওয়া এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য। কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না।
প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের প্রতিবন্ধকতা বা বাধা হিসেবে দেখা উচিত নয়। মানুষকে মর্যাদা প্রদান করা সংসদ সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।
এ সময় প্রতিনিধিদলটি বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধীদের যথাযথ সুরক্ষা দেওয়া, শিক্ষার অধিকার ও মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিত করার বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে মতবিনিময় করে। একইসঙ্গে রাজনৈতিক দলে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব রাখা এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।