ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারতীয় চোরাই মোবাইলসহ ২ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


ভারতীয় চোরাই মোবাইলসহ ২ জন গ্রেপ্তার

জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে অবৈধ সিন্ডিকেটের ৭৪ পিস চোরাই ও কাগজপত্রবিহীন ভারতীয় পুরাতন মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে জেলার পাঁচবিবি ও সদর থানা এলাকায় ধারাবাহিক এই অভিযান চালানো হয়।

 

বুধবার (১২ আগস্ট) রাত ২টার দিকে ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সহায়তায় পাঁচবিবি থানার এসআই (নি:) মো. আমিনুল ইসলাম প্রথমে পাঁচবিবি এলাকার ‘ইউনিক ব্রাদার্স গ্যাজেট’ নামক দোকানে অভিযান চালান। সেখান থেকে ১৮ পিস বৈধ কাগজপত্রবিহীন ভারতীয় পুরাতন মোবাইলসহ মো. মোসাব্বির হাসান ওরফে মিম্মান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

 

মিম্মান পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মিম্মানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জয়পুরহাট সদর থানার পাঁচুর মোড়ে অবস্থিত কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ‘তামিম গ্যাজেট জোন’ নামক দোকানে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে।

সেখান থেকে সিন্ডিকেটের অপর সদস্য তামিমকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে আরও ৫৬ পিস অবৈধ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

অভিযানে দুই দোকান থেকে সর্বমোট ৭৪ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় পুরাতন মোবাইল ফোন বাংলাদেশে এনে ব্যবসা করে আসছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পর আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ