ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
ঢাকায় সফররত সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বন্দর ব্যবস্থাপনার ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে এক বিলিয়ন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।
সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন, সৌদি বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী উপমন্ত্রী, সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক ও যোগাযোগ, এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সাথে অর্থনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে তার সরকারের আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন নীতি সংস্কারের পদক্ষেপের কথা তুলে ধরেন।
সৌদি ভাইস মিনিস্টার বলেন, বাংলাদেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে তাঁদের আগ্রহের কথা জানান।
সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল লিমিটেড (আরএসজিটি) বাংলাদেশের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ২০২৪ এর জুন মাস থেকে বাণিজ্যিকভাবে পরিচালনা করছে।
আধুনিক কার্গো হ্যান্ডলিং ও ইয়ার্ড অপারেশনে আধুনিক যন্ত্রপাতি স্থাপনে এ পর্যন্ত মোট ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ভবিষ্যৎ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আরএসজিটি সরকারের প্রাধিকার প্রাপ্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ এবং সে অনুযায়ী বিশদ কর্ম পরিকল্পনা উপস্থাপন করে।