ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এক ঘণ্টার মধ্যেই সবুজবাগ থানার ওসির বদলি আদেশ বাতিল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


এক ঘণ্টার মধ্যেই সবুজবাগ থানার ওসির বদলি আদেশ বাতিল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ওসি বদলির সিদ্ধান্তকাল মাত্র এক ঘণ্টা। বিকেলে বদলির আদেশ জারির পর ঘণ্টাখানেকের মধ্যেই নতুন আদেশে তা বাতিল করা হয়েছে।

ফলে আগের পদেই বহাল থাকছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

 

এর আগে একই দিন বিকেল ৪টার দিকে সাংবাদিকদের হাতে আসা ডিএমপির এক কার্যালয় আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

একই আদেশে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

 

ওই আদেশ অনুযায়ী, সবুজবাগ থানার বর্তমান ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছিল।

তবে বিকেল ৫টার দিকে জারি করা নতুন আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলির আদেশ বাতিল করা হয়।

একই সঙ্গে গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়নের আদেশও বাতিল করা হয়।

 

নতুন আদেশে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

তবে কী কারণে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রথমে বদলি করা হয়েছিল এবং মাত্র এক ঘণ্টার ব্যবধানে কেন সেই আদেশ বাতিল করা হলো, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।


   আরও সংবাদ