ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন, ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
ন্যায্য সময় না দেওয়া, বিল পাসের সঠিক প্রক্রিয়া অনুসরণ না করা এবং পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছে বিরোধী দলীয় জোট।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে এ ঘটনা ঘটে।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ওয়াক আউট সম্পর্কে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাংবাদিকদের বলেন, বিরোধী দলীয় সদস্যদের অভিযোগ, তাদের জন্য নির্ধারিত প্রাপ্য ২৬ শতাংশ সময় দেওয়া হচ্ছে না।
কথা বলার জন্য পর্যাপ্ত ও ন্যায্য সময় বরাদ্দ না পাওয়ায় তারা ক্ষুব্ধ। নতুন বিলগুলো সংসদে আনার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া বা প্রপার প্রসিজার অনুসরণ করা হচ্ছে না।
বিরোধী সদস্যদের পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।
নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হলেও অন্যদের পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে বাধা দেওয়া হয়েছে।
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, যদি সংসদ সদস্য হিসেবে আমাদের কথা বলতেই না দেওয়া হয়, তবে হাউসের ভেতরে বসে থেকে কোনো লাভ নেই। এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদেই আমরা সংসদ কক্ষ ত্যাগ করেছি।