ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ জুন, ২০২৬ ১৩:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আজ বুধবার (১০ জুন) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

 

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম গর্বিত অংশীদার। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়।

এরপর থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী ২৫টি দেশের ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 

বর্তমানে বাংলাদেশ পুলিশের ৮ জন নারী সদস্যসহ ৩৭ জন কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ২০০০ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

 

শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং ১৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা নানা প্রতিকূলতা অতিক্রম করে দায়িত্ব পালন করেছেন। তারা স্থানীয় জনগণের আস্থা অর্জনের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাইতির ভূমিকম্প-আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

প্রায় চার দশক ধরে বিশ্বের সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন উদযাপন করা হচ্ছে। 


   আরও সংবাদ