ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে ডেঙ্গু ঝুঁকি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জুন, ২০২৬ ১৫:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে ডেঙ্গু ঝুঁকি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব, নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে, যা ডেঙ্গু সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) ডিএসসির মিলনায়তনে আয়োজিত ‘ডিএসসিসি এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধকল্পে বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন’বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে গত ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত ১২ দিনব্যাপী বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপ পরিচালনা করা হয়।

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ড থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়িকে নমুনা হিসেবে নির্বাচন করা হয়।জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী অংশ নেন।

 

প্রশাসক জানান, আধুনিক 'কবো টুলবক্স' ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। জরিপে পরিদর্শনকৃত ২ হাজার ২৩৮টি বাড়ির মধ্যে ২৮১টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে।

 

তিনি আরও জানান, লার্ভা শনাক্ত হওয়া স্থাপনাগুলোর মধ্যে বহুতল ভবনে সর্বোচ্চ ৩৫ দশমিক ২৩ শতাংশ, স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

জরিপের ফলাফলে দেখা যায়, প্লাস্টিকের ড্রামে জমে থাকা পানিতে ৮ দশমিক ৮৯ শতাংশ, মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ এবং বালতিতে জমে থাকা পানিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত হয়েছে।

মো. আবদুস সালাম বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পরিষ্কার পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সঠিক তথ্য প্রচারে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিএসসিসি প্রশাসক জানান, জরিপের ফলাফলের ভিত্তিতে আগামী ৬ জুন ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি আয়োজন করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি পরিচালিত হবে।

এছাড়া আগামী ৭ জুন থেকে অধিক ঝুঁকিপূর্ণ ২৭টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে পাঁচদিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। পরবর্তী সপ্তাহে মাঝারি ঝুঁকিপূর্ণ আরও ৩৬টি ওয়ার্ডে একই ধরনের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।


   আরও সংবাদ