ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ জুন, ২০২৬ ২০:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৬ বার
শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
সোমবার (১ জুন) থেকে নতুন এ বিধান কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।
নতুন নিয়ম অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে।
এজন্য সরকারি পরিচয়পত্র বা অনুমোদিত নথির মাধ্যমে বয়স নিশ্চিত করার ব্যবস্থা রাখতে হবে।
নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে।
এমসিএমসি জানিয়েছে, শিশুদের প্রযুক্তি ব্যবহার থেকে দূরে রাখা নয়, বরং তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান, অভিভাবক এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যেসব ব্যবহারকারী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন, তাদের বয়স যাচাইয়ের কাজ আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে ক্ষতিকর ও আপত্তিকর কনটেন্টের বিস্তার বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি জোরদার করেছে মালয়েশিয়া। বিশেষ করে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক এবং সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণে দেশটি কঠোর অবস্থান নিয়েছে।
বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে মালয়েশিয়ার এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সূত্র: ডন