ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইসিআরসির প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ মে, ২০২৬ ০৭:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


আইসিআরসির প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

পুলিশ ও কারা পুলিশের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষক পাঠানোর জন্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

রোববার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।

 

বৈঠকে কারাবন্দিদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, জেল কোড আধুনিকায়ন, পুলিশ ও কারা পুলিশের প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে বন্দিদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হয়।

 

 

এছাড়া কারাগারের মেডিকেল ইউনিটের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

পুলিশ ও কারা পুলিশের দক্ষতা বাড়াতে আইসিআরসির বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন বাহিনীগুলোর পেশাদারিত্ব বাড়াতে সহায়ক হবে।

 

 

এ বিষয়ে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষক পাঠানোর জন্য আইসিআরসির প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গাদের মানবিক ও চিকিৎসাসেবা প্রদানে আইসিআরসির ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চায় রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে থাকুক।

 

 

এ ক্ষেত্রে আইসিআরসির ধারাবাহিক সহযোগিতাও কামনা করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) মেনে চলে এবং আইসিআরসির মানবিক কার্যক্রমে সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জেনেভা কনভেনশন বাস্তবায়নে আইসিআরসির কারিগরি ও প্রশিক্ষণ সহায়তার জন্যও তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান।

 

বৈঠকে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান জানান, বাংলাদেশের বিদ্যমান জেল কোড যুগোপযোগী করতে তাঁরা প্রয়োজনীয় সুপারিশ পাঠিয়েছেন। পাশাপাশি কারাগারের ভেতরে স্বাস্থ্যসেবা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে।

 

নিকোলাস ফ্লাউরি জানান, তাঁরা পুলিশের জন্য ফার্স্ট এইড ও মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণ এবং পুলিশ ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ আয়োজন করতে আগ্রহী।

 

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ