ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ মে, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স ও বিনিয়োগের ভূয়সী প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
শনিবার (১৬ মে) সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেটের সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সম্প্রদায়ের ভূমিকা নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। দেশে জমি কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে শুধু প্রবাসীদের জন্যই বরাদ্দ থাকবে এবং এই অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।
তিনি আরও বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ প্রয়োজন। তারা দেশে এলে বিনিয়োগ করবে এবং পারিবারিক বন্ধনও আরও দৃঢ় হবে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে।
এ ছাড়া ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য স্থায়ী অ্যাম্বুলেন্স রাখার উদ্যোগও নেওয়া হয়েছে। একইসঙ্গে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী উপস্থিত ছিলেন।