ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ১৫:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
ঢাকা: রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ওএমএস চাল ও আটা উদ্ধার করেছে র্যাব। কালোবাজারির উদ্দেশ্যে এসব খাদ্যপণ্য প্যাকেট পরিবর্তন করে বিক্রির প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল)রাতে র্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ উদ্ধার কার্যক্রম চালানো হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, জুরাইন বাজারের একটি গুদামে সরকারি ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুত করে বিক্রির জন্য প্যাকেটজাত করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-১০-এর যৌথ সহায়তায় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে ১৭০৫ বস্তা চাল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়, যা সরকারি ওএমএস কর্মসূচির আওতাভুক্ত বলে জানা গেছে। উদ্ধারকৃত খাদ্যপণ্য জব্দ করে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওএমএসের চাল ও আটা সংগ্রহ করে তা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নামে নতুন করে প্যাকেটজাত করে বাজারজাত করতো।
এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।