ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী।
স্থানীয়রা জানান, রাতে তিনি নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছে না।
তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘আমাদের এখানে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে।
মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।
কেন এই ঘটনা সেটি আমরা এখনও জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও আমরা এখনও জানতে পারিনি।’
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি।