স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগার যুবারা।
শনিবার (৭ নভেম্বর) ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বল বাকি থাকতে ২৪৫ রানে থামে দলের সংগ্রহ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৮৩ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন এসকে জারিফ সিয়াম।
এ ছাড়া আব্দুল্লাহ আল মুহি করেন ৩০ রান।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সেথমিকা সেনেরিরত্নে।
তিনি চারটি উইকেট নেন। গিমহান মেন্ডিস তিনটি এবং কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।
২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। তবে এক প্রান্ত আগলে রেখে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন সেনুজা ওয়েকুনাগদার।
তার ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছিল লঙ্কানরা। তবে ৮৫ রানে তিনি ফিরে গেলে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে অলআউট হয় দলটি। তাতে ৪৫ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক।