ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬ ১৫:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২ বার
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।
রোববার (০১ নভেম্বর) নৌপরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি চাহিদা পূরণে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধিরা জানান, চীনে বড় আকারের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও এ খাতে কাজ করছে তারা।
বাংলাদেশেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
প্রতিষ্ঠানটির বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সব সময় উৎসাহিত করে আসছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।
তবে পায়রা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যে-কোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জাতীয় স্বার্থ, বন্দরের নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।