ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬ ১২:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা।
প্রবাসীদের পাঠানো এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গতিশীলতা আনছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে রেমিট্যান্স প্রবাহের এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের অক্টোবর মাসের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ৬০ লাখ ডলার।
শতকরা হিসাবে চলতি বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।
ব্যাংকিং চ্যানেলে ডলারের আনুষ্ঠানিক দর ও ব্যাংকিং সেবার মান বাড়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতি প্রবাসীদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদরা।
তাদের মতে, হুন্ডি বন্ধে তদারকি বৃদ্ধি এবং প্রবাসী আয়ের বিনিময়ে স্বচ্ছতা আসায় রেমিট্যান্স প্রবাহ টানা ঊর্ধ্বমুখী রয়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের গতি বজায় রয়েছে। অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে মোট এক হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। ফলে চার মাসের সার্বিক হিসাবেও প্রবাসী আয়ে ১৩ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।