আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত অনুমোদিত পথের বাইরে দিয়ে চলাচল করা জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের গঠিত পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন পথে চলাচল করলে জাহাজগুলোর ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সুযোগও গুরুতরভাবে সীমিত করা হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু জাহাজের ভাড়াটিয়া বা পরিচালনাকারী পক্ষকে জাহাজগুলোকে ‘অবৈধ পথে’ হরমুজ প্রণালী পার করার জন্য চাপ দেওয়ার খবর তারা পেয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপে জাহাজ, জাহাজের মালিক, অধিনায়ক ও নাবিকদের আর্থিক ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে।
একই সঙ্গে ভবিষ্যতে ওই জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ওপর গুরুতর বিধিনিষেধ আরোপ করা হবে।
এর আগে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত পথ অনুসরণ করতে হবে।
নির্ধারিত পথের বাইরে চলাচল করলে নিরাপদ যাত্রার নিশ্চয়তা এবং সংশ্লিষ্ট বীমা সুরক্ষা পাওয়া যাবে না বলেও সতর্ক করেছিল পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরান যে পথ অনুমোদন করেছে, সেটিকেই একমাত্র অনুমোদিত পথ হিসেবে বিবেচনা করছে দেশটির বিপ্লবী গার্ড।
অন্য কোনো পথ ব্যবহারকে তারা ‘অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক’ বলে সতর্ক করেছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে জাহাজ চলাচলের পথ নিয়ে ইরানের নতুন বিধিনিষেধ আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা