ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল দ্রুত খালাসের জন্য নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটাল।
পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিতে ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব তহবিল থেকে এই অর্থ পরিশোধ করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিপিসি এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
প্রস্তাব অনুযায়ী, ‘সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের সঙ্গে ডাবল পাইপলাইন স্থাপন’ প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
এখন এসপিএমের নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগ করা হচ্ছে।
এ জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে পুনঃদরপত্র আহ্বান করা হয়।
এতে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাইয়ের পর দুটি প্রতিষ্ঠানের দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটালকে নির্বাচনের সুপারিশ করে।
প্রস্তাবে বলা হয়েছে, কর ও মূল্য সংযোজন কর ছাড়া প্রতিষ্ঠানটির দর ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। কর ও ভ্যাটসহ এর আনুমানিক মূল্য দাঁড়ায় ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা। এই অর্থে পাঁচ বছরের জন্য এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।
এসপিএম হচ্ছে সমুদ্রের মধ্যে স্থাপিত এমন একটি বিশেষায়িত অবকাঠামো, যেখানে জাহাজ থেকে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল খালাস করা হয়। পরে পাইপলাইনের মাধ্যমে তা সরাসরি স্থলভাগের সংরক্ষণাগারে নেওয়া যায়। ফলে প্রচলিত পদ্ধতির তুলনায় দ্রুত ও বড় পরিমাণে তেল খালাসের সুযোগ তৈরি হয়।
‘সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের সঙ্গে ডাবল পাইপলাইন স্থাপন’ প্রকল্পের মাধ্যমে এ তেল খালাস ও পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পাঁচ বছরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।