স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
ধর্ষণের অভিযোগে চলমান মামলায় মরক্কোর শীর্ষ ফুটবলার ও পিএসজির তারকা আশরাফ হাকিমির আপিল খারিজ করে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় ফ্রান্সের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে তাকে।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো'র প্রতিবেদন অনুযায়ী, বুধবার ফ্রান্সের কোর্ট অব ক্যাসেশন হাকিমির করা আপিল খারিজ করে দেয়। এর আগে গত ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত হাকিমিকে হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের জন্য পাঠানোর সিদ্ধান্ত বহাল রেখেছিল।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন হাকিমি।
২০২৩ সালের একটি ঘটনায় এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।
হাকিমি শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছেন।
ফ্রান্সের সর্বোচ্চ আদালতের বুধবারের সিদ্ধান্তের ফলে হাকিমির এই আইনি আপিলের পথ শেষ হয়েছে।
তবে আপিল খারিজ হওয়া মানেই হাকিমি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফৌজদারি আদালতের বিচার শেষে।
মামলার বিচার শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো জানিয়েছেন, তার মক্কেল বিচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন বুধবারের সিদ্ধান্তের পর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।