ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা দাবি আদায়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি।
উদ্বোধনী সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে লং মার্চের গাড়িবহর। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পূর্বনির্ধারিত কয়েকটি স্থানে পথসভা করবে ১১ দলীয় ঐক্য।
আয়োজকদের দেওয়া কর্মসূচি অনুযায়ী, প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে।
লং মার্চের পরবর্তী পথসভা হবে ফেনীর মহিপালে। এরপর মীরসরাইয়ে আরেকটি পথসভা করার কথা রয়েছে।
সবশেষে চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে শাপলা চত্বরের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, লং মার্চে বাধা দেওয়া হলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছাবে ১১ দলীয় ঐক্য।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও সরকারের সমালোচনা করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ এসব দাবিতে এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে।