ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌদিতে ৫ বিলিয়ন ডলারের বোমা-সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২ বার


সৌদিতে ৫ বিলিয়ন ডলারের বোমা-সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে বারবার হামলার শিকার সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানিয়েছে।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে পারবে রিয়াদ।



বিবৃতিতে আরও বলা হয়, এ বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে। পাশাপাশি ‘মেজর নন-ন্যাটো মিত্র’ সৌদি আরবের নিরাপত্তা জোরদার করবে।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

 

এদিকে সৌদি আরবের কাছে প্রস্তাবিত এ অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে চূড়ান্তভাবে বিক্রি সম্পন্ন করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: এনডিটিভি


   আরও সংবাদ