ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ঢাকা: বাংলাদেশে নারীদের যোগ্য স্থান তৈরি এবং রাজনীতিতে টিকে থাকার সংগ্রামকে ত্বরান্বিত করতে হলে তৃণমূল থেকে ক্ষমতায়ন ও রাজনৈতিক দলগুলোর নীতিগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগের একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব জিল্লুর রহমান।
পাবলিক ডায়ালগে নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে নারীদের টিকে থাকার যুদ্ধ জন্মের পর থেকেই শুরু হয়।
পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষা কিংবা রাজনীতি-সব জায়গাতেই পদে পদে বাধা ও বৈষম্যের মুখোমুখি হতে হয়।
রাজনীতিতে আসতে চাওয়া তরুণীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে হলে নিজের মেধা ও আত্মসম্মান বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিএনপির এই নেত্রী বলেন, শুধু শীর্ষ পদে নারী থাকলেই প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিতে অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে।
রাজনৈতিক দলগুলো যদি গঠনতন্ত্র অনুযায়ী এই শর্তগুলো বাধ্যতামূলক না করে, তবে স্থানীয় পর্যায়ে কখনোই উদীয়মান নারী নেতৃত্ব তৈরি হবে না।
বর্তমানে রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে নারীদের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানিকে চিহ্নিত করে শামা ওবায়েদ বলেন, এআই (AI) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের চরিত্রহনন করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হলে শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে কঠোর আইনি সুরক্ষা ও পদক্ষেপ থাকা প্রয়োজন।
সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে তরুণ নারীদের অসামান্য ভূমিকার প্রশংসা করে শামা ওবায়েদ প্রশ্ন তুলে বলেন, আন্দোলনের প্রথম সারিতে থাকা এসব নারীদের রাজপথে দেখা গেলেও পরবর্তী রাজনৈতিক দলীয় কমিটিগুলোতে কেন তাদের সেভাবে দেখা যায় না? এটি আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন, যা দ্রুত পরিবর্তন হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, দলীয় পরিচয় বা ভিন্নতার ঊর্ধ্বে উঠে ‘সবার আগে বাংলাদেশ’-এই চেতনাকে লালন করতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নৈতিক ও এথিক্যাল লিডারশিপ গড়ে তুলতে হবে।
পাবলিক ডায়ালগে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃ ও বিশিষ্টজনেরা।