ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধিদলটি।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বোয়েসেল জানায়, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতাকে আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে, দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এই সফর ইতিবাচক অবদান রাখবে বলে জোরালো প্রত্যাশা করা হচ্ছে।
বিমানবন্দরে প্রতিনিধিদলটিকে অভ্যর্থনা জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
এ সময় তিনি প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীনসহ বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে জনশক্তি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে দুই দেশের শ্রমবাজার ও বন্ধুপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় হবে।