ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ অগাস্ট, ২০২৬ ১৯:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক সূচনা হয়েছে। সদ্য সমাপ্ত এ মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৯৪ কোটি টাকা।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ২৮৫ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।
আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
সে হিসাবে বছরের ব্যবধানে জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের ন্যায্য মূল্য নিশ্চিত করার ফলে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে আরও উৎসাহিত হচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।
একই সঙ্গে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাদের আশা, চলতি অর্থবছরের আগামী মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহের এ ইতিবাচক ধারা বজায় থাকবে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে আসছে। বৈধ পথে অর্থ পাঠানোর ফলে ব্যাংকিং খাতের তারল্য বাড়ার পাশাপাশি প্রবাসী পরিবারের আর্থিক নিরাপত্তাও জোরদার হয়।