ঢাকা, শনিবার, ০১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নাসীরুদ্দীন-সারজিসদের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬ ২০:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


নাসীরুদ্দীন-সারজিসদের বিরুদ্ধে মামলার আবেদন

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে মামলার পরদিনই পাল্টা মামলার আবেদন করেছে ছাত্রদল। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক নম্বর এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দুই নম্বর আসামি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রোকন হবিগঞ্জ সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে এজাহারটি জমা দেন। তবে শুক্রবার সোয়া ১টা পর্যন্ত সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় তারা মৌলভীবাজারে চলে যান।

মঙ্গলবারের কর্মসূচি স্থগিত রেখে বুধবার হামলার প্রতিবাদে আবারও হবিগঞ্জে কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই দিন বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মসূচিকে ঘিরে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

 

এর মধ্যেই বুধবার বিকেলে হবিগঞ্জে প্রবেশের পথে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে কয়েকশ পুলিশ সদস্য সেখানে মোতায়েন ছিলেন। ব্যারিকেড সরানো নিয়ে রাত ৮টা পর্যন্ত ধস্তাধস্তির পর এনসিপির নেতারা পাশের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলার এজাহার জমা দেন। পরে তারা মৌলভীবাজারে ফিরে যান।

এনসিপির অভিযোগ, হামলার সময় ক্যামেরা ও ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম এবং গাড়িতে রাখা ৫ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০ লাখ টাকা দামের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

এর পাল্টা হিসেবে বৃহস্পতিবার থানায় এজাহার দেন ছাত্রদলের নেতা ইকবাল হোসেন রোকন। তার অভিযোগ, একটি কর্মসূচি শেষে ফেরার সময় এনসিপির নেতারা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে কয়েকজনকে মারধর করেন। পরে দুটি মোবাইল ফোনসহ সাড়ে চার লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, এনসিপির দেওয়া এজাহারটি বুধবার রাতেই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে জমা দেওয়া এজাহার নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে জানানো হবে।


   আরও সংবাদ