ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ জুলাই, ২০২৬ ০৯:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার

রাঙামাটি: বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে রাঙামাটি শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, তাদের পুনর্বাসন এবং নতুন ঘর নির্মাণে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

 

তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের এ ধরনের দুর্যোগ কোনো একদিনের ঘটনা নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতিবৃষ্টি, দীর্ঘদিনের প্রাকৃতিক বাস্তবতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রতিবছরই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

এম ইকবাল হোসেন জানান, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্ধারণ করে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের ঝুঁকি কমাতে কার্যকর ও স্থায়ী পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে প্রতিমন্ত্রী খাগড়াছড়ির বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে রাতে তিনি রাঙামাটিতে পৌঁছে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তার সঙ্গে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার (১২ জুলাই) প্রতিমন্ত্রীর বান্দরবানের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে।


   আরও সংবাদ