ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন, ২০২৬ ১৪:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
ঢাকা: বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা।
মঙ্গলবার (১৬ জুন) সকাল প্রায় সোয়া ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
তাদের এ কর্মসূচির কারণে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেতন বকেয়া থাকায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা এলাকা থেকে বের হয়ে লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন।
এক পর্যায়ে তারা সড়কের ওপর বসে বিক্ষোভ শুরু করলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব আশপাশের বিভিন্ন সড়কেও পড়ে এবং যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।
দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় সড়কের দুই পাশে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিতে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।