ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্রামের সময়টুকুও পায়নি ইরান

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৬ জুন, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


বিশ্রামের সময়টুকুও পায়নি ইরান

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ড্র করেছে ইরান। কিন্তু মাঠের লড়াই শেষে স্বস্তির বদলে নতুন অস্বস্তিতে পড়েছে দলটি।

ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর অনুশীলন ঘাঁটিতে ফিরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন কোচ আমির গালেনোয়েই।

 

আজ বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইরান।

ম্যাচ শেষে দলটির পরিকল্পনা ছিল ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া শেষ করা। কিন্তু ম্যাচের পরই জানানো হয়, সবাইকে দ্রুত বিমানে উঠে টিহুয়ানার ক্যাম্পে ফিরতে হবে।

 

লস অ্যাঞ্জেলস থেকে টিহুয়ানার দূরত্ব প্রায় ১৪০ মাইল। ম্যাচের পর এমন ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইরান কোচ।

তবে কারা এই নির্দেশ দিয়েছে, তা জানাননি তিনি।

 

দোভাষীর মাধ্যমে গালেনোয়েই বলেন, ‘তারা আমাদের বিশ্রামের সময়টুকুও দিল না। আজ ম্যাচের পর আমাদের বলা হলো, আপনাদের এখনই চলে যেতে হবে। বিশ্রামের জন্য সময় পাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বলা হয়েছে বিমানে উঠতে এবং টিহুয়ানার ক্যাম্পে ফিরে যেতে। বিষয়টি আমাদের সত্যিই ভীষণ সমস্যায় ফেলেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান দলের বিশ্বকাপ প্রস্তুতি অস্থিরতার মধ্যে পড়ে। এরপরও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। তাদের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেওয়ার আবেদনও করেছিল দলটি, তবে ফিফা সেই আবেদন নাকচ করে।

গালেনোয়েই বলেন, ‘সত্যি বলতে, আমরা জানি না কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। আমার কাছে এটা খুব অদ্ভুত লাগছে। মনে হচ্ছে, আমাদের পরিকল্পনা অন্যরা করছে। আমাদের বিষয়ে সিদ্ধান্তও অন্য কোথাও নেওয়া হচ্ছে।’

ইরান কোচ আরও বলেন, ‘আমাদের ম্যাচের দুই রাত আগে আসার কথা ছিল। আজ রাতে এখানে থাকার কথা ছিল, যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি এবং কাল দুপুরে ফিরতে পারি। কেন এমন হচ্ছে, আমাদের কোনো ধারণা নেই।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপে আমাদের দলই হয়তো সবচেয়ে বেশি নিপীড়িত।’

দলের কঠিন প্রস্তুতির কথাও তুলে ধরেছেন অধিনায়ক মেহদি তারেমি ও কোচ গালেনোয়েই। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য ও গণমাধ্যম কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ অনেকেই যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এতে দলের প্রস্তুতি আরও জটিল হয়েছে।

ম্যাচের প্রায় এক ঘণ্টা পর তারেমি বলেন, ‘আমাদের এখনই লস অ্যাঞ্জেলস ছাড়তে হবে, এটা আমাদের জন্য ভালো নয়। আমার মনে হয়, ফিফার আমাদের আরও বেশি সহায়তা করা উচিত। আমাদের জন্য সবকিছুই আসলে বিপর্যয়ের মতো।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুবার পিছিয়ে পড়েছিল ইরান। তবে হাল ছাড়েনি তারা। ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে ইরান। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই বিশ্বকাপ শুরু করে গালেনোয়েইয়ের দল।

মাঠে ইরানের জন্য সমর্থনও ছিল চোখে পড়ার মতো। যদিও ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া অনেক ইরানি-আমেরিকান সমর্থকও উপস্থিত ছিলেন গ্যালারিতে।

ইরানের পরের ম্যাচও সোফি স্টেডিয়ামেই। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। তার আগে মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে প্রস্তুতি নিতে হবে দলটিকে।


   আরও সংবাদ