ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন, ২০২৬ ১৪:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনের সব ধরনের ঝুঁকি উপেক্ষা করে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাঁর সেই সাহসী সিদ্ধান্তই চলমান রাজনৈতিক সংগ্রামকে মুক্তিযুদ্ধে রূপ দেয় এবং স্বাধীনতার লড়াইকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়।
শনিবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ঘটনাই জিয়াউর রহমানকে ইতিহাসে অনন্য করে তুলেছে। সেদিন তিনি কোনো নির্দেশনা বা পুনর্বিবেচনার অপেক্ষা না করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নেন এবং স্বাধীনতার পক্ষে যুদ্ধের ডাক দেন।
তাঁর এই উদ্যোগ জাতিকে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।
মন্ত্রী বলেন, তৎকালীন সময়ের কোনো নেতা ‘যুদ্ধ’ শব্দটিকে বাস্তব কর্মসূচি হিসেবে কল্পনাও করতে পারেননি।
কিন্তু জিয়াউর রহমান সেই রাজনৈতিক সংগ্রামকে সশস্ত্র যুদ্ধে রূপ দেন। তাঁর ঘোষিত যুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয় এবং বিজয়ের পথ সুগম হয়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, সাহসিকতা ও নেতৃত্বের গুণাবলি তাঁকে দেশের মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছিল। সংকটময় সময়ে তাঁর দৃঢ় অবস্থান জাতিকে দিকনির্দেশনা দিয়েছে এবং ইতিহাসে তাঁকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।